মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন— নরসিংদীর মাধবদী থানার আব্দুল বারেক মিয়ার ছেলে মাইন উদ্দিন (৪০) ও গাজীপুরের গাছা থানার শাহজাহান মিয়ার ছেলে মাসুদ রানা (৩৩)। যাবজ্জীবন সাজার পাশাপাশি তাদের ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায়ের সত্যতা নিশ্চিত করে আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) জাসমীন আহমেদ বলেন, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকা থেকে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই আসামিকে গ্রেফতার করে র্যাব-১১-এর একটি দল। তাদের কাছ থেকে একটি কাভার্ড ভ্যান ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে র্যাব বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ওই মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রায় ঘোষণা করেছেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, রায় ঘোষণাকালে আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।










