বাগেরহাটের মোংলার পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ এমভি নাওমী পানিতে তলিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া চার নম্বর অ্যাংকোরেজ এলাকায় এ ঘটনা ঘটে। জাহাজে থাকা আজ নাবিক ও দুই নিরাপত্তা কর্মী নিরাপদ আশ্রয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন দুর্ঘটনাকবলিত জাহাজের মাস্টার মো. আজিজুল হক। 

তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেলে মোংলা বন্দর থেকে এমভি নওমী জাহাজটি ৬০০ টন কয়লা বোঝাই করে ছেড়ে আসে। পরবর্তীতে রাত ১১ টার দিকে বন্দরের চার নম্বর বয়ার কাছাকাছি পৌছালে ডুবন্ত কিছুর সঙ্গে কার্গোর ধাক্কা লাগে। এরপর জাহাজটির তলা ফেটে ইঞ্জিন কক্ষে পানি ঢুকতে থাকে। এ সময় দ্রুত কার্গোটিকে পার্শ্ববর্তী চরে উঠানো হয়। পরবর্তীতে অন্য লাইটার জাহাজের সহায়তায় দুই নিরাপত্তা কর্মীসহ আট নাবিক তীরে আসতে সক্ষম হন। এ দুর্ঘটনার খবর বন্দর কর্তৃপক্ষকে জানান তিনি। পরে গতকাল শুক্রবার রাতে মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে জানান তিনি। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন শাহাদাৎ জানান, জাহাজটি ডুবলেও বন্দর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে চ্যানেল থেকে জাহাজটি সরাতে বলা হয়েছে। 

এর আগে গত বছরের ১৬ নভেম্বর হাড়বাড়ীয়া আট ও নয় নম্বর অ্যাংকোরেজের মাঝামাঝি এলাকায় একটি বিদেশী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ৬০০ থেকে সাড়ে ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় বাল্কহেড এমভি ফারদিন।