বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ দুই নেতার পাঠানো শুভেচ্ছা বার্তা পোস্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুভেচ্ছা বার্তায় কিয়ার স্টারমার লিখেছেন, আমি বাংলাদেশের নির্বাচনে আপনার বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব গ্রহণ নিশ্চিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানাতে লিখছি।
যুক্তরাজ্য ও বাংলাদেশের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি, আপনার নেতৃত্বে আমাদের সহযোগিতা কেবলই বৃদ্ধি পাবে, যা আমাদের অভিন্ন মূল্যবোধ ও সমৃদ্ধ ইতিহাসের ওপর ভিত্তি করে গড়ে উঠবে।
স্টারমার লিখেছেন, আমি আমাদের অংশীদারত্ব শক্তিশালী করতে এবং অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি। বাংলাদেশে অন্যতম বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী হিসেবে আমরা আমাদের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের আশা করছি।
তিনি উল্লেখ করেন, আমি অবৈধ অভিবাসন মোকাবেলা, জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে লড়াই এবং আমাদের দীর্ঘদিনের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য আরো সহযোগিতার সুযোগকে স্বাগত জানাই। সেইসঙ্গে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের উদারভাবে গ্রহণ করায় যুক্তরাজ্যও আপনার পাশে থেকে সমর্থন জারি রাখবে। আমি আমাদের দুই দেশের অংশীদারত্বের এ পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় রয়েছি।
সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ পদের দায়িত্ব ও কর্তব্যভার গ্রহণ করায় আমি আপনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। আপনার এ নিয়োগ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা করেছে। আমি বিশ্বাস করি, আপনার নেতৃত্ব দেশের অব্যাহত অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পারমেলিন লিখেছেন, আমি আমাদের দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনার দিকে আগ্রহভরে চেয়ে আছি। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশা করছি।










