ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেন।

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সুত্র জানিয়েছে, পরিচয় নিশ্চিত হওয়া পাঁচ বাংলাদেশীর চারজন কুষ্টিয়া ও একজন ঢাকার অধিবাসী। তারা হলেন—কুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শিম্মিন, শর্ণশিষ দত্ত, মো. আকরাম আলী ও ঢাকার সাভারের আহমেদ বাবু।

উপহাইকমিশনার মোহাম্মদ খালেদ জানান, উপহাইকমিশনের এক কর্মকর্তা থানা ও মর্গে গিয়েছিলেন। তিনিসহ স্থানীয় পুলিশ এ পাঁচ বাংলাদেশীর পরিচয় নিশ্চিত করেছে। আগুনের ঘটনায় মারা যাওয়া অন্য ব্যক্তিদের মধ্যে বাংলাদেশী আছেন কি না, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। এ খবর জানার সঙ্গে সঙ্গে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা মৃত ও আহত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুসারে, এ অগ্নিকাণ্ডে মোট নয়জন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশী বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। অন্যদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া আহত ছয় বাংলাদেশী নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।