ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে শুভসূচনা করল পাকিস্তান। গতকাল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে নেদারল্যান্ডসকে ২৮৭ রানের টার্গেট দিতে সমর্থ হয় পাকিস্তান। এ সংগ্রহ পুঁজি করে পাকিস্তানকে ৮১ রানের জয় এনে দেন বোলাররা।
বল হাতে ৪ উইকেট শিকার করে পাকিস্তানকে যথেষ্ট ভুগিয়েছেন বাস ডি লিডি। পরে তিনি ব্যাট হাতেও উজ্জ্বল। ৬৮ বলে ৬৭ রান করে ডি লিডি চোখ রাঙাচ্ছিলেন বাবর আজমের দলকে। যদিও শেষ পর্যন্ত পাকিস্তানের বিপদ হয়নি। হারিস রউফ (৩/৪৩), হাসান আলী (২/৩৩) ও শাহিন শাহ আফ্রিদির (১/৩৭) বোলিং তোপে ৪১ ওভারে ২০৫ রানে গুটিয়ে যায় ডাচরা। স্পিনে ডাচদের ভুগিয়েছেন মোহাম্মদ নওয়াজ (১/৩১)।
অবশ্য পাকিস্তানের জয়টি সহজে আসেনি। বিক্রমজিৎ সিং ও ডি লিডির ফিফটি পাকিস্তানকে চাপে রাখে। ডি লিডি নতুন বল যেভাবে মাঠের বাইরে পাঠাচ্ছিলেন তাতে চিন্তায় পড়ে যান বাবর। যদিও পরে শ্লথ হয় তার ব্যাট। মোহাম্মদ নওয়াজ তাকে বোল্ড করেন। দিনটি তারই হতে পারত। যদিও শেষ পর্যন্ত পরাজিত দলেই ডি লিডি।
৫০ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে বিক্রমজিৎ ও ডি লিডি ৭৬ বলে ৭০ রান যোগ করেন। তাতে জয়ের রেসে থাকে ডাচরা। যদিও ২৪তম ওভাবে বিক্রমজিৎ এবং ২৭তম ওভাবে জোড়া আঘাতে (তেজা নিদামানুরু ও স্কট এডওয়ার্ড) বিপর্যস্ত হয় ডাচরা (১৩৩/৫)। ডি লিডি দলকে টানছিলেন বটে, তবে শেষ রক্ষা আর হয়নি। দলীয় ১৬৪ রানের সময় তিনি সাজঘরে ফিরে গেলে জয়ের আশাটা সেখানেই শেষ হয় ইউরোপের দলটির।
এর আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৩৮ রানে ফখর জামান, বাবর আজম ও ইমাম-উল-হকের উইকেট হারায়। চরম বিপর্যয়ে পড়া দলটি শেষ পর্যন্ত মিডল ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় ৪৯ ওভারে ২৮৬ রান তুলতে সমর্থ হয়।
টপ অর্ডার হারানোর পর চতুর্থ উইকেটে মোহাম্মাদ রিজওয়ান (৭৫ বলে ৬৮) ও সৌদ শাকিল (৫২ বলে ৬৮) অবিশ্বাস্য দৃঢ়তায় ১১৪ বলে ১২০ রানের জুটিতে পাকিস্তানের মান বাঁচান। সপ্তম উইকেটে মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান ৭০ বলে ৬৪ রানের আরেকটি কার্যকর জুটি গড়লে দলের সংগ্রহ ২৫০ ছাড়িয়ে যায়। নওয়াজ ৩৯ ও শাদাব ৩২ রান করেন।
অঘটনের শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ৮১ রানের জয়ে খুশি পাকিস্তান দলনায়ক বাবর আজম। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ম্যাচের ফলাফলে আমি খুবই খুশি। বোলারদের কৃতিত্ব দেব। আমরা ভালো শুরুর পর মাঝের দিকেও উইকেট তুলে নিয়েছি। আর ব্যাটিংয়ে তিন উইকেট হারানোর পর রিজওয়ান ও শাকিলের ব্যাটে বিপদ কেটে যায়।’
সোমবার হায়দরাবাদে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। একই মাঠে পরদিন পাকিস্তান খেলবে শ্রীলংকার বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪৯ ওভারে ২৮৬/১০ (রিজওয়ান ৬৮, শাকিল ৬৮, নওয়াজ ৩৯, শাদাব ৩২; ডি লিডি ৪/৬২, অ্যাকারম্যান ২/৩৯)। নেদারল্যান্ডস: ৪১ ওভারে ২০৫ (ডি লিডি ৬৭, বিক্রমজিৎ ৫২, ফন বিক ২৮*; হারিস ৩/৪৩, হাসান ২/৩৩)। ফল: পাকিস্তান ৮১ রানে জয়ী। ম্যাচসেরা: সৌদ শাকিল (পাকিস্তান)।










