তৃতীয় ‘ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৭ আগস্ট) শীর্ষ সম্মেলনে তিনি ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানা গেছে। এবারের সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে।

গতকাল শুক্রবার (১৬ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস ঢাকা থেকে সম্মেলনে যুক্ত হবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল টেলিফোন করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান।

মোদি অধ্যাপক ইউনূসকে নয়াদিল্লিতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিতব্য তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যোগ দেয়ার আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন।