বিশ্বের অন্যান্য দেশের পর ভারতে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীদের করোনার নেগেটিভ সনদ,
স্বাস্থ্য পরীক্ষাসহ নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমদানি করা পণ্যবাহী ট্রাকচালকদের তাপমাত্রা পরিমাপ ও ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশে ফেরা যাত্রীরা।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত স্বাস্থ্য সহকারী ফয়সাল হোসেন জানান, করোনা সংক্রমণ রোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। তবে বিশেষ করে করোনার নতুন ধরন ওমিক্রন রোধে বিশেষ সতর্কমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। যেহেতু এ পথ দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাত্রী যাওয়া বন্ধ রয়েছে। তাই ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের বাধ্যতামূলক করোনা নেগেটিভ সনদ নেয়া হচ্ছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা, যাতায়াতের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের মাঝে করোনার কোনো লক্ষণ আছে কিনা সেটি নিশ্চিত করা হচ্ছে। কাউকে সন্দেহজনক মনে হলে তাদের হাসপাতালে করোনা টেস্টের জন্য পাঠানো হচ্ছে, পজিটিভ শনাক্ত হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা রাখা হয়েছে।










