চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে ১৪তম আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো শুরু হচ্ছে আজ। এবার মেলায় ৩৫০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন থাকবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য উইম্যান জোন, ফুড কোর্ট, স্টার্টআপদের জন্য জোন থাকবে। মেলার অ্যাসোসিয়েট পার্টনার এসএমই ফাউন্ডেশন। সহযোগিতা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), এফবিসিসিআই এবং আইএলও প্রগ্রেস প্রজেক্ট।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি আবিদা মোস্তফা।
আজ বিকাল ৪টায় পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উইম্যান এসএমই এক্সপো উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, এমপি দিলোয়ারা ইউসুফ ও শামীমা হারুন লুবনা, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী।
সংবাদ সম্মেলনে আবিদা মোস্তফা জানান, বিজনেস হাব চট্টগ্রাম। এখানে একটি মেলার স্থায়ী ভেন্যু দরকার। মেলায় ইরান, ভারত, চীন, থাইল্যান্ড ও পাকিস্তানের উদ্যোক্তারা অংশগ্রহণ করছে।










