বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী চিউ চুন ম্যানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন। এতে দুদেশের পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা তৈরির পাশাপাশি এ খাতে নতুন সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়।
আলোচনায় দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফ্লাইটের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বাড়ানো, দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও প্রি-ভেরিফিকেশন এবং পর্যটন খাতে অভিজ্ঞতা, জ্ঞান ও সফলতার মডেল বিনিময়ের বিষয় উঠে আসে।
এ ছাড়া আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা নিয়েও আলোচনা করে দুই পক্ষ। মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ জনবলের চাহিদা পূরণ এবং যোগ্য বাংলাদেশী কর্মীদের নিয়োগের সুযোগ বাড়াতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুদেশের পারস্পরিক বোঝাপড়া আরো গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের সহযোগিতা বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন দুদেশের প্রতিনিধিরা।
বৈঠকে মালয়েশিয়ার পর্যটনবিষয়ক উপ-মহাসচিব চুয়া চুন হোয়া, ট্যুরিজম মালয়েশিয়ার এশিয়া ও আফ্রিকাবিষয়ক আন্তর্জাতিক প্রচার বিভাগের পরিচালক নুওয়াল ফাদিলাহ কু আজমি, মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় ও ট্যুরিজম মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোছাম্মৎ শাহানারা মনিকা এবং হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।










