পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বিদেশী অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোর নাম খুব চটকদার হয়। কিন্তু নামের চেয়ে প্রকল্পের কাজ ও কার্যকারিতাই বেশি গুরুত্বপূর্ণ। সোমবার (১ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেসিলিয়েন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট অনুমোদনের প্রসঙ্গ তুলে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ১ হাজার ৬৯৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। নারায়ণগঞ্জ এখন বড় নগর হিসেবে গড়ে উঠেছে। আগে এখানকার পানি ব্যবস্থাপনা ছিল ঢাকা ওয়াসার আওতায়। এখন সেখানে আলাদা ওয়াসা প্রতিষ্ঠা করা হবে এবং ভূ-উপরিস্থ পানির জন্য পাইপলাইন নির্মাণসহ অন্যান্য সুবিধা উন্নত করা হবে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিশ্বব্যাংক, এডিবি বা বিদেশী সাহায্যসংস্থার প্রকল্পগুলোর নাম এমনভাবে দেয়া হয় যাতে আকর্ষণ তৈরি হয়। এখন যেমন ‘রেসিলিয়েন্ট’ শব্দটি বেশ ব্যবহৃত হচ্ছে। নাম চমৎকার হতে পারে, কিন্তু নামের চেয়ে কাজ অনেক বেশি দরকার।

এদিন সকালে চলতি অর্থবছরের (২০২৫-২৬) ৬ষ্ঠ একনেক সভায় ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে মোট ১৭টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে নতুন প্রকল্প ১২টি এবং সংশোধিত প্রকল্প ৫টি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।