ভারি বর্ষণের কারণে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গতকাল বিশ্বকাপের দু-দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ড ম্যাচ, তবে এ ম্যাচে টসও হয়নি। একই মাঠে ভেজা আউটফিল্ডের কারণে দুপুরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচও পরিত্যক্ত হয়। স্থানীয় সময় রাত ৮টা ৪৮ মিনিটে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। চারটি দলই এদিন সমান ১ পয়েন্ট করে ভাগাভাগি করেছে। চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে এ নিয়ে চারটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলো।
গ্রুপ ‘ওয়ান’-এর দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া—এ চার দলেরই এখন সমান ৩ পয়েন্ট করে ঝুলিতে, আর সমান ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ ও ৬ নম্বরে শ্রীলংকা ও আফগানিস্তান। সবচেয়ে ভালো রানরেট নিয়ে শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড (+৪.৪৫০)। এছাড়া ইংল্যান্ডের (+)০.২৩৯, আয়ারল্যান্ডের (-)১.১৬৯, অস্ট্রেলিয়ার (-) ১.৫৫৫। আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও শ্রীলংকা। ওই ম্যাচের বিজয়ী এককভাবে শীর্ষে উঠে যাবে। আর ম্যাচটি পরিত্যক্ত হলে শীর্ষস্থান সংহত হবে কিউইদের।
এ মুহূর্তে নিট রান রেটে আয়ারল্যান্ডের চেয়েও পিছিয়ে থেকে চতুর্থ স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রানরেটের হিসাব নিয়ে অস্ট্রেলিয়ার দলনায়ক অ্যারন ফিঞ্চকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ম্যাচ জেতা। এরপর আপনার নিট রানরেট নিয়ে হিসাব করার সময় আসবে। এখন আমাদের আফগানিস্তান ও আয়ারল্যান্ড ম্যাচের জন্য তৈরি হতে হবে এবং যতটা পারি নিয়ন্ত্রণ করতে হবে।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও হতাশ। আগের ম্যাচে আইরিশদের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন তারা, কিন্তু বৃষ্টি ভাসিয়ে নিল সেই স্বপ্ন। তার কথায়, বড় একটি আসর বলে আমরা এতে হতাশ। এখন টুর্নামেন্টে টিকে থাকতে পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি আমরা। টুর্নামেন্টের আগে আমরা ভালো কিছু ক্রিকেট খেলেছি। কিন্তু এখানে এখন পর্যন্ত যে পারফরম্যান্স তাতে আমরা খুশি নই। যদিও খেলোয়াড়দের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে যে বাকি টুর্নামেন্টে তারা ভালো খেলবে।
নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে অস্ট্রেলিয়া। আর ইংল্যান্ড প্রথম ম্যাচে হারায় আফগানিস্তানকে। অস্ট্রেলিয়া পরের ম্যাচে সাত উইকেটে হারায় শ্রীলংকাকে, ইংল্যান্ড অঘটনের শিকার হয় আইরিশদের কাছে হেরে। কাল তৃতীয় ম্যাচ থেকে ১ পয়েন্ট করে ভাগাভাগি করে অজি ও ইংলিশরা।
এদিকে, কাল ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভীষণ হতাশ আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। তিনি বলেন, আমাদের বেশির ভাগ খেলোয়াড়ই হতাশ, এত সুন্দর একটি মাঠে খেলতে না পেরে। রশিদ (খান) ও আমি এখানে খেললেও অন্যরা খেলেনি। কিন্তু আবহাওয়ার বিষয়টি তো আর আমাদের হাতে নেই। কাজেই এটা আমাদের মেনে নিতে হবে। আমরা এখন পরের ম্যাচ নিয়ে ভাবছি, আশা করি সেটিতে জয় পাব।
আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখানো আয়ারল্যান্ড কাল ১ পয়েন্ট পেলেও ম্যাচ খেলতে না পেরে হতাশ আইরিশ দলনায়ক অ্যান্ডি বলবির্নি। তিনি বলেন, আমরা খুবই হতাশ। আমরা ভালো ক্রিকেট খেলছি এবং এ ম্যাচের দিকে তাকিয়ে ছিলাম। তবে আবহাওয়া নিয়ে আমাদের কিছু করার নেই।
সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আয়ারল্যান্ড। মঙ্গলবার সকালে আফগানরা খেলবে শ্রীলংকার বিপক্ষে, দুপুরে লড়বে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
এদিকে, আগামীকাল সকাল ৯টায় ব্রিসবেনে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিব আল হাসানের দল এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিতে জিতলেও হেরেছে আরেকটিতে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায় টাইগাররা। কাল তাই সাকিবদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। জিম্বাবুয়ে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। জিম্বাবুয়ে তিন ও বাংলাদেশ চারে অবস্থান করছে।










