বাগেরহাটে অবৈধভাবে ভোজ্যতেল মজুদের দায়ে দুই দোকানিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে শহরের বড় বাজারের দুটি দোকানের গোডাউনে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন।
অভিযানকালে পল্টু সাধু স্টোর ও জয় মা স্টোরের গোডাউনে বিভিন্ন বোতল ও ড্রামে ৪ হাজার লিটার সয়াবিন তেলের অবৈধ মজুদ পায় ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মোজাহেরুল হক ও রোহান সরকার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ অভিযান পরিচালনা করেন।এ সময় অবৈধভাবে ভোজ্যতেল তেলের মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে পল্টু সাধু স্টোরের মালিক শ্রিধাম সাধুকে ১ লাখ এবং জয় মা স্টোরের মালিক সংকর কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় দোকানি জরিমানার অর্থ পরিশোধ করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। বাগেরহাটে কয়েক জন ব্যবসায়ীর বিরুদ্ধে এমন কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। যার ভিত্তিতে বাজারের ২টি দোকানে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় আরো এক দোকানী দোকান বন্ধ করে পালিয়ে যায়।
তিনি বলেন, অভিযানে পল্টু সাধু স্টোর ও জয় মা স্টোর তাদের পণ্যের মূল্য তালিকাও দেখাতে পারেনি। গোডাউনে খালি ড্রামের আড়ালে কয়েক কার্টুন সয়াবিন তেল তারা মজুদ করে রেখে ছিল। তারা আমাদের কাছে যে মূল্য রশিদ ও তালিকা দিয়েছে, তার চেয়েও অতিরিক্ত তেলের মজুদ ছিল তাদের কাছে।অভিযানকালে তারা আদালতের কাছে অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। পরে আদালত তাদের দুজনকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন।
অবৈধভাবে তেল মজুতের বিষয়ে আমরা আরো অনেক অভিযোগ পেয়েছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের এই অভিযান চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মোজাহেরুল হক ।










