পূর্ব ঘোষিত তিন দফা দাবি না মানায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে পুনরায় মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। গতকাল বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল শেষে ক্যাম্পাসের মূল ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ভোলা-পটুয়াখালী-বরগুনা ও কুয়াকাটাগামী যাত্রীরা।
আন্দোলনকারীদের অভিযোগ গত মঙ্গলবার মধ্যরাতে তাদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় পুলিশ রহস্যজনক কারণে এখনো কাউকে আটক করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহতরা হামলাকারীদের নামের তালিকা প্রদান করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা না করে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেয়, যা শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে প্রত্যাখ্যান করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এর আগে, গত মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ১০ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। সেদিন বিকালে মঙ্গলবারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা করা, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং অনাবাসিক সব শিক্ষার্থীর নিরাপত্তা বিধানে ভূমিকা নেয়ার তিন দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। এসব দাবি পূরণে গতকাল বিকাল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা। তাদের বেঁধে দেয়া সময়ের মধ্যে কোনো দাবি আদায় না হওয়ায় তারা পুনরায় কর্মসূচি শুরু করেছেন।










