কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট এলাকায় শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে রশিদুল ইসলাম ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে ব্যবসায়ী কামাল হোসেন খোকন।

স্বজনরা জানান, রাতে মোটরসাইকেল যোগে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান রশিদুল ইসলাম। হাসপাতালে নেয়ার পথে মারা যান খোকন। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিসের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।