আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে গতকাল শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ার্মআপ ম্যাচে দারুণ এক জয় তুলে নিল বাংলাদেশ। যদিও এ ম্যাচে জয়ের পরও দলে অস্বস্তি অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে। তিনি এ ম্যাচে খেলেননি। তার অনুপস্থিতি নিয়ে এখন চলছে গুঞ্জন। কোনো সূত্র বলছে, তিনি চোটে পড়েছেন, কেউবা বলছেন সাকিব বিশ্রামে আছেন।

গতকাল দুপুরে শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হয়ে টস করতে নামের মেহেদী হাসান মিরাজ। তখনই সাকিবকে নিয়ে প্রশ্ন ওঠে। ভারতীয় ধারাভাষ্যকার দিনেশ কার্তিক ম্যাচ শুরুর পর বলেছেন, অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পাওয়ায় এ ম্যাচটি খেলতে পারছেন না সাকিব। যদিও আরেকটি সূত্র দেশের এক শীর্ষ দৈনিককে জানায়, সাকিবের কোনো চোট নেই, বিশ্রামে আছেন তিনি! 

দিনেশ কার্তিক জানান, পায়ের চোটের কারণে খেলছেন না সাকিব। যদিও চোট কতটা গুরুতর সেটি তিনি জানাতে পারেননি। তখন আরেক সূত্র জানিয়েছিল, সাকিবের চোট ডান পায়ের গোড়ালিতে। বিভিন্ন রকম তথ্য পাওয়ায় সাকিবকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

আগামী সোমবার একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর বিশ্বকাপ মিশনে নামবে টাইগাররা। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে আফগানিস্তানের।