দুইদিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাণঘাতী করোনা সংক্রমণ এবং উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার দিবাগত রাতেই মারা গেছেন আটজন। এর আগের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন করোনা রোগী মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরো তিনজন। মৃত্যুর পর তাদের করোনা পরীক্ষায় নমুনা নেয়া হয়েছে।

প্রতিবেদন পেলে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে। এর আগে মঙ্গলবার রামেক হাসপাতালে করোনায় দুজনের প্রাণহানি ঘটে। আর উপসর্গ নিয়ে মারা যান আরো তিনজন। প্রত্যেকের মরদেহ দাফনে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের হিসাবে গতকাল প্রাণঘাতী করোনায় রাজশাহী বিভাগে আরো তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বগুড়ায় দুজন এবং নওগাঁয় একজন মারা যান। এ নিয়ে বিভাগের আট জেলায় করোনায় প্রাণহানি দাঁড়াল ৪৩১ জনে।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনোয়ারুল কবীর জানিয়েছে, এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত হয়েছে মোট ২৯ হাজার। গতকাল করোনা শনাক্ত হয়েছে ২৩১ জনের।