লিবিয়ায় আটকা পড়ে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৭৩ বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। সোমবার (১ ডিসেম্বর) বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং আইওএম প্রতিনিধিরা তাদের স্বাগত জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিবিয়ায় থাকার সময়ের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেয়ার অনুরোধ জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচ, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশী নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করছে।