বরিশালের বাবুগঞ্জে বিয়ের বৌভাত অনুষ্ঠানে খাবারে মাংস কম দেয়া কেন্দ্র করে একজনকে খুনের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ রফিয়াদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজহার মীর (৬৫) ওই এলাকার মৃত মৌজে আলী মীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীরের সঙ্গে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়। দুদিন আগে রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নেয়া হয় এবং গতকাল বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনে বাড়ি থেকে ৪৮ জন স্বজন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। খাবার খাওয়ার একপর্যায়ে মাংস কম দেয়া কেন্দ্র করে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের স্বজনদের প্রথমে তর্ক হয়। এরপর দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কনেপক্ষের মারধরে বরের চাচা আজহার মীর ঘটনাস্থলেই নিহত হন।

চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ খান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা কনের বাবা আবুল কালাম হাওলাদারসহ ওই পক্ষের ১০ জনকে ঘটনাস্থলে আটকে রাখেন।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ বিন আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।