ইলিশ রক্ষা অভিযানে হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্যরাতে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ হামলার ঘটনা ঘটে। হামলায় দুই পুলিশ সদস্যসহ এক নৌকার মাঝি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে কীর্তনখোলা নদীর চন্দ্রমোহন এলাকার ৩ নং ওয়ার্ডসংলগ্ন নদীতে একদল জেলে জাল ফেলে মা ইলিশ ধরার চেষ্টাকালে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামতসহ বন্দর থানার একটি টিমের ১০ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। অভিযানের একপর্যায়ে অতর্কিতভাবে একদল লোক হামলা চালায়। পরে আভিযানিক দল সেখান থেকে চলে আসে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তাদের বহনকারী নৌকার মাঝি আহত হয়েছেন।

বিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। এছাড়া হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।