বাগেরহাটে গবাদি পশুর বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। নকল ওষুধ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণে রাখার অপরাধে গোবিন্দ চক্রবর্ত্তীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে বাগেরহাট শহরের দশানীস্থ সাবেক কচুয়াপট্টিতে অবস্থিত দুই কক্ষের নকল ওষুধ তৈরির কারখানাটিকে সিলগালা করা হয়েছে।
গতকাল বিকালে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ আদেশ দেন। এ সময় বাগেরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপারভাইজার এমডি মেহেদী আফজাল পল্লব উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত গোবিন্দ চক্রবর্ত্তী বাগেরহাট শহরের সুরেশ চক্রবর্ত্তীর ছেলে এবং টিএস এগ্রোভেট নামের গবাদি পশুর ওষুধ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের মালিক।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, টিএস এগ্রোভেট নাম দিয়ে কতিপয় অসাধু ব্যক্তি গবাদি পশুর জন্য নকল ওষুধ তৈরি করছে—এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানকালে দেখা যায়, গোবিন্দ চক্রবর্তী যে ব্যবসা পরিচালনা করছেন তার কোনো লাইসেন্স নেই। তাই তাকে ১৯৪০ সালের ড্রাগ আইনের ১৮(১২) ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।










