বাগেরহাটের কচুয়া উপজেলার ২৪৭ ভিক্ষুকের বাড়িতে খাদ্যসহায়তা
পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল সকাল থেকে উপজেলার প্রত্যন্ত গ্রামের ভিক্ষুকের বাড়িতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যান অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম। এ সময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিদ দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল্লাহ, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবুবকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিক্ষুকরা জানান, কয়েক দিন ধরে বাড়ি থেকে বের হতে পারছিলেন না। খেয়ে না খেয়ে দিন যাচ্ছিল। সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, সাবান দিয়ে গেছে। কয়েক দিন ভালোভাবে খেতে পারবেন। এ ধরনের পরিস্থিতিতে সরকারের এমন উদ্যোগে খুশি হয়েছেন তারা।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম বলেন, বিভিন্ন দুর্যোগের সময় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় খেটে খাওয়া মানুষ।
সে বিষয় বিবেচনা করে সরকার নিম্ন আয়ের মানুষদের খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়ে সহযোগিতা করছে।










