বগুড়া শহরের সাবগ্রামে একাধিক মামলার আসামি সুব্রত ওরফে সম্রাট দাসকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাত ১টার দিকে একদল লোক সাবগ্রাম হাট দুর্গামন্দিরের সামনে এ হত্যাকাণ্ড ঘটায়।
নিহত সুব্রত বগুড়া সদর উপজেলার সাবগ্রাম পালপাড়ার কালিপদ দাসের ছেলে। এ ঘটনার পর থেকে সাবগ্রাম হাট মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, রাত ১টার দিকে সুব্রত মন্দিরের সামনের রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তার ওপর হামলা করে। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মন্দিরের সামনে আশ্রয় নেয়। সেখানেই দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠায়।
ওসি আরো জানান, সুব্রতর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হাড়ি জুয়েলের ছোট ভাই। ঘটনার পর পরই এলাকায় তল্লাশি চালানো হয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।










