এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, গণভোটে ‘হ্যা’ ভোট দিলে ৭১ থাকবে না বলা মানুষগুলোর ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। মানুষকে এসব বলে যারা বিভ্রান্ত করে, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, সংস্কারের পক্ষে না থেকে যারা মানুষকে বিভ্রান্ত করে, আমরা মনে করি তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এ দেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেয়া হবে না।
তিনি আরো বলেন, আমাদের ভুললে চলবে না, এ নতুন বাংলাদেশ এক হাজারেরও বেশি শহীদের জীবনের বিনিময়ে পেয়েছি। অসংখ্য মানুষ রক্ত দিয়েছে। এটার মূল কারণ ছিল, দেশের মানুষ সংস্কার চাচ্ছিল। পরিবর্তন চাচ্ছিল। এ সংস্কার হবে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় যুক্ত করতে হবে। যারা নতুন করে স্বৈরাচার হতে চাইবে, ফ্যাসিস্ট হতে চাইবে তারাই চায় এ গণভোট যেন বাস্তবায়ন না হয়, গণভোটে যেন ‘না’ দেয়া হয়।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং ১১ দলীয় জোট ও শাপলা কলি জয়যুক্ত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।














