হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি সোনাসহ পাঁচ যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। মালয়েশিয়া থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের পাঁচ যাত্রীর কাছ থেকে ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে অভিনব কায়দায় লুকানো ওই স্বর্ণগুলো জব্দ করা হয়। সোমবার (২ ডিসেম্বর) রাতে যাত্রীদের লাগেজ স্ক্যানিং করে স্বর্ণগুলো জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- রুবেল হোসেন (২২), দুলাল আহম্মেদ (৩৫), সামিউল ইসলাম (৩৩), সবুজ আলি (২৪) ও সাগর মিয়া (২৭)। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা বলে জানানো হয়েছে।
কাস্টমস সূত্রে জানা যায়, বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট অবতরণের পর রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ দল পাঁচ যাত্রীর সঙ্গে আনা কম্বলে প্যাঁচানো অন্যান্য মালামালের সঙ্গে ওয়েল্ডিং মেশিন চিহ্নিত করে স্ক্যান করে। এ সময় প্রতিটি ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে মোট ৫টি স্বর্ণের চাকতি, ২টি স্বর্ণের টুকরা ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারের অস্তিত্ব পাওয়া যায়।
যার ওজন প্রায় ৭ কেজি এবং বাজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। প্রাথমিক পরীক্ষায় সেগুলো সোনা বলে নিশ্চিত হয়ে জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।










