বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রায় এক কোটি টাকার মালামাল নিয়ে বলেশ্বর নদীতে একটি ট্রলার ডুবে গিয়েছে। আজ বুধবার সকালে উপজেলার সন্ন্যাসী বাজার সংলগ্ন নদীতে নোঙর করা অবস্থায় এমভি বলেশ্বর নামের ট্রলারটি ডুবে যায়। 

ট্রলারের ম্যানেজার সান্টু মাঝি বলেন, বুধবার ভোররাতে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশে ছেড়ে আসা আমাদের ট্রলারটি সকাল ৯টার দিকে সন্ন্যাসী পৌঁছায়। পরে নোঙর করা অবস্থায় একদিকে কাত হয়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ মুদি দোকানের মালামাল ছিল। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। এসব মুদি পণ্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারের নামানোর কথা ছিল। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধারের কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।

সন্নাসী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার বলেন, ট্রলারটি হঠাৎ ডুবে যাওয়ায় বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মামালামাল উদ্ধারের কাজ চলছে।