ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের চাপায় পিষ্ট হয়ে প্রকৌশলীর মৃত্যুর ঘটনায় বরিশালের হিজলা থেকে বাস চালককে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২০ এপ্রিল) ভোর ৫টায় র‌্যাব-১ ও র‌্যাব-৮ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বাস চালক হাসান মাহমুদ হিমেল (২৫) বরিশাল জেলার হিজলা থানাধীন হরিনাথপুর এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব যৌথ অভিযান চালিয়ে বাস চালককে গ্রেফতার করে। এ সময় তার নিকট হতে ১টি মোবাইল ফোন ও নগদ ১০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ধরনের বাস চালানোর জন্য তার যথাযথ লাইসেন্স ছিল না বলে স্বীকার করে। এছাড়াও গাড়ির ফিটনেস সংক্রান্ত কাগজপত্র ছিল না বলে প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃত বাস চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানায়। 

গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর বিমানবন্দর থানাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের নির্মাণাধীন অস্থায়ী প্রাচীর ভেঙে রাইদা পরিবহনের একটি বাস দুর্ঘটনা ঘটায়। এ সময় রাইদা পরিবহনের বাসটি একই দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়া সিভিল এভিয়েশনের উপ-সহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকীকে চাপা দিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে যায়। পরবর্তীতে দুর্ঘটনাস্থল হতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মাইদুল ইসলাম সিদ্দিকীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাস চালক মাহমুদ হাসান এবং হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।