মোংলা বন্দরে পৌঁছেছে ঢাকা মেট্রোরেলের আরো চার বগি ও দুই ইঞ্জিন। শুক্রবার রাতে মেট্রোরেলের সরঞ্জামবাহী পানামা পতাকাবাহী ‘এমভি ব্রাইটলি কোরাল’ নামের জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। ২৫ অক্টোবর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটিতে বগি-ইঞ্জিন ছাড়াও ৮০ প্যাকেজের ৪২৩ টন সরঞ্জাম রয়েছে। গতকাল সকাল থেকে জেটিতে এসব পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।

‘এমভি ব্রাইটলি কোরাল’র স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জাহাজটিতে চারটি বগি, দুটি ইঞ্জিনসহ বেশকিছু সরঞ্জাম রয়েছে। এ নিয়ে মোট ছয়টি জাহাজে করে মেট্রোরেলের মোট ৪৮টি বগি বাংলাদেশে এসেছে। আগামী মাসে মেট্রোরেলের আরো একটি চালান আসার কথা রয়েছে। ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরো ৯৮টি বগি ও ইঞ্জিন আসবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, কয়েক দফায় মেট্রোরেলের বগি, ইঞ্জিনসহ নানা সরঞ্জাম এ বন্দর দিয়ে এসেছে। এখন পর্যন্ত ছয়টি জাহাজে করে সর্বমোট ৪৮টি বগি মোংলা বন্দরে এসে পৌঁছায়।