চাঁদা আদায়ের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানিয়ে নাটোরের সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে তার ইউনিফর্ম খুলে নেয়ার ঘোষণা দিয়েছেন।
গতকাল দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কে চলাচল করা থ্রি হুইলারের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সময় শ্রমিক নেতারা সড়ক অবরোধের চেষ্টা করলে ওসি সেখানে উপস্থিত হন। পরে এক শ্রমিক নেতা পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনলে এ কথা বলেন ওসি।
তিনি বলেন, আমার থানায় যদি থানা পুলিশ, হাইওয়ে পুলিশ অথবা ট্রাফিক পুলিশের কোনো সদস্যের চাঁদা আদায়ের প্রমাণ পাওয়া যায় তাহলে তার ইউনিফর্ম খুলে নেয়া হবে।
এ সময় তিনি আরও বলেন, দেশের সর্বোচ্চ আদালত মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করে দিয়েছেন বিধায় কোনো থ্রি হুইলার সিংড়ায় চলবে না। আদালতের নির্দেশ পালন করছি আমরা।
জানা যায়, গতকাল দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কে বনপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক ইসরাফিলের নেতৃত্বে অবৈধ থ্রি হুইলারের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এ সময় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা আটক করলে শ্রমিক নেতারা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।
সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জু মণ্ডল বলেন, গরিব সিএনজি অটোরিকশাচালকরা বিভিন্ন এনজিও থেকে টাকা ঋণ নিয়ে দুমুঠো ডাল-ভাতের জন্য সড়কে গাড়ি চালান। এখানে হাইওয়ে পুলিশ মাঝেমধ্যে অভিযান পরিচালনা করে গাড়ি আটক করেন, আবার কখনো টাকার বিনিময়ে ছেড়ে দেন।
সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদকের এমন অভিযোগের পর পুলিশ সদস্যের চাঁদাবাজি প্রমাণিত হলে ইউনিফর্ম খুলে নেয়ার ঘোষণা দেন ওসি।










