আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন ভোট আয়োজনের চূড়ান্ত পদক্ষেপ নির্বাচনী তফসিল ঘোষণার দ্বারপ্রান্তে রয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এরই প্রেক্ষিতে নির্বাচন ও গণভোটের তফসিল কবে ঘোষণা করা হবে তা নির্ধারণে বৈঠকে বসেছে ইসি।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ১০ম কমিশন সভায় অন্য নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা অংশ নিয়েছেন।

এর আগে, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল কবে হবে তা নির্ধারণে রোববার (৭ ডিসেম্বর) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকের আলোচন্যসূচিতে নির্বাচনের তফসিল ঘোষণাও রাখা হয়েছে।

এর আগে তফসিল কবে ঘোষণা হবে ও ভোটের সম্ভাব্য তারিখ কবে হতে পারে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বণিক বার্তাকে বলেছিলেন, 'প্রাথমিকভাবে আমরা ভোটের কয়েকটি তারিখ আলোচনা করেছি। রোববার (৭ ডিসেম্বর) এ নিয়ে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা বলছি আগামী সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার, এর মধ্যে যেকোনো দিন তফসিল ঘোষণা করে দেব এবং তা (তফসিল) হঠাৎ করেই হবে।'