বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের সদস্যের আট অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গত ২১ নভেম্বর এ আদেশ দেন।
সম্পদ জব্দের আদেশের তালিকায় নাম থাকা অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, তাদের তিন ছেলে সায়েম সোবহান আনভীর, সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান এবং তিন পুত্রবধূ সাবরিনা সোবহান, সোনিয়া ফেরদৌসী সোবহান ও ইয়াশা সোবহান।
এ বিষয়ে মঙ্গলবার দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম বণিক বার্তাকে বলেন, বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের সদস্যের দুদকের অনুসন্ধানে ৮টি দেশে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে। আদালত আহমেদ আকবর সোবহানের পরিবারের ৮ জনের সম্পদ জব্দের আদেশের অনুলিপি সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠাতে বলেছেন। এরই মধ্যে ওই দেশগুলোয় আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।










