রাঙ্গামাটি-বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়া এলাকায় একটি পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এ ঘটনায় ট্রাকচালকসহ দুজন আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর থেকে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সড়ক ও জনপথ (সওজ) ও স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন সীমান্তবর্তী বাঙ্গালহালিয়া এলাকায় পাথর বোঝাই একটি বেইলি সেতু পার হওয়ার সময় বেইলি ব্রিজটি ভেঙে যায়। এ ঘটনায় চালক ও সহকারী দুজনই আহত হন।

সওজ বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোসলে উদ্দিন চৌধুরী বণিক বার্তাকে জানান, বান্দরবান-রাঙ্গামাটি সড়কের ৩৩ কিলোমিটার এলাকায় অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগতে পারে। আমরা জনস্বার্থে যতদ্রুত সম্ভব সড়কটি চালু করার চেষ্টা করছি।