দেশে অন্যায়-অবিচার, লুটতরাজ ও চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘মানুষের ওপর জুলুম, অধিকার হরণ কিংবা অন্যের হক নষ্ট করার জন্য প্রত্যেককে জবাবদিহি করতে হবে।’ একই সঙ্গে সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানের ভূমিকাকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। তবে প্রকাশ্যে অস্ত্র হাতে অভিযানে অংশ নেয়া ঠিক হয়নি বলে মনে করেন জামায়াত আমির।
গতকাল চট্টগ্রামে পৃথক অনুষ্ঠানে বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আয়োজিত ছাত্রশিবিরের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেনের পদত্যাগ ও মাদকবিরোধী অভিযান নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
সম্মেলনে জামায়াত আমির বলেন, ‘লুটেরা ও চাঁদাবাজদের জন্য ছাত্র-জনতা জুলাইয়ে রক্ত দেয়নি। জনগণ কোনোভাবেই লুটতরাজ, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার মেনে নেবে না। আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে। মানুষের ওপর জুলুম করা, মানুষের অধিকার হরণ করা এবং অন্যের হক মেরে দেয়ার জবাবদিহি করতে হবে।’
চট্টগ্রাম মহানগরী জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান প্রমুখ।










