একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘পরাজিত শক্তির মেলবন্ধনের মাধ্যমে কেউ যাতে সমাজে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ ধর্মকে পুঁজি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা রুখতে মসজিদ-মন্দিরকে রাজনীতির বাইরে রাখারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি চায় না সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক, চায় না আপনি-আমি ভালো থাকি। তাই পরাজিত শক্তির মেলবন্ধনের মাধ্যমে তারা যাতে সমাজকে নতুন করে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অপশক্তি ও চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
গতকাল যশোর সদর উপজেলার বাহাদুরপুর সর্বজনীন পূজা মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের মধ্যে বৈষম্য না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ধর্মীয় কিংবা রাজনৈতিক পরিচয়ে কাউকে দুর্বল কিংবা সবল ভাবার সুযোগ নেই। এ যশোরের মাটিতে আমার সন্তানের যতখানি অধিকার রয়েছে, আপনার (সনাতন ধর্মাবলম্বী) সন্তানেরও ঠিক সমঅধিকার রয়েছে। কে হিন্দু আর কে মুসলিম কিংবা কে সমতলে আর কে পাহাড়ে বসবাস করে, এটি বিবেচ্য বিষয় নয়। আমরা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করি।’










