দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে দুই জন ও হামের উপসর্গ নিয়ে দুই জন মারা যায়। এরা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।

শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া হাম সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৮ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৬৯ জন মারা গেছেন।

এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৭৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জন। অন্যদিকে, গত ২৪ ঘন্টায়, নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৯ জন। এ নিয়ে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৪০ জন।

গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০০ জন।