দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে একসঙ্গে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, সমন্বিত প্রচেষ্টায় জনগণের ভোটাধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত করতে হবে। সংস্কৃতি, শিক্ষা ও সমাজ ছাড়া একটি দেশের রাজনীতি টিকে থাকতে পারে না। আসুন, আমরা সবাই মিলে দেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করার জন্য একসঙ্গে কাজ করি।
সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, দেশে মানবাধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রতিষ্ঠা, মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও লাখ-লাখ দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠির লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হয়েছে। ৫ আগস্ট একদিনে ঘটেনি, বরং এটি দীর্ঘ সংগ্রামের ফলাফল। প্রায় ৪৩টি রাজনৈতিক দল বহু বছর ধরে বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে আসছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করার সময় আক্রমণ, ভুয়া মামলা ও নির্যাতন সহ্য করেছেন।










