রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর চূড়ান্ত ধাপে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে পাওয়ার স্টার্টআপের ‘স্টেজ সি’ কার্যক্রম অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ‘স্টেজ সি’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। গতকাল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের পাঠানো তথ্য থেকে জানা যায়, ‘স্টেজ সি’ হলো প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এ পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বৃদ্ধি করে বিভিন্ন প্লান্ট সিস্টেমের কার্যক্ষমতা ও সমন্বিত পরিচালনা পরীক্ষা ও যাচাই করা হয়। এর মধ্যে রয়েছে রিঅ্যাক্টর, প্রাইমারি ও সেকেন্ডারি সিস্টেম, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক ব্যবস্থা, ইনস্ট্রুমেন্টেশন ও কন্ট্রোল, রিঅ্যাক্টর প্রোটেকশন এবং সেফটি সিস্টেমসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো।

অর্থাৎ এ পর্যায়ে প্রথম ইউনিটে ধাপে ধাপে চুল্লির ক্ষমতা বাড়িয়ে এসব ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এ পর্যায়ের গুরুত্বপূর্ণ মাইলফলক হলো জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে। এরপর স্থিতিশীলভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

‘স্টেজ সি’-এর অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো নির্ধারিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর ইউনিট-১-এর জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজড করা এবং স্থিতিশীলভাবে বিদ্যুৎ সরবরাহের দিকে অগ্রসর হওয়া। এ কার্যক্রম সংশ্লিষ্ট নিয়ন্ত্রক ও কমিশনিং চাহিদা পূরণ এবং প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে ধাপে ধাপে সম্পন্ন হবে।

রূপপুর কর্তৃপক্ষ বলছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অনুমোদন ও কার্যক্রমের সূচনা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির কমিশনিং প্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি। সব কার্যক্রমে নিউক্লিয়ার সেফটি সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। কমিশনের অধীনে পরিচালনার কাজটি করছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।