সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭২১ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের। নতুন করে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুরা ঢাকা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬১৩ জন। এ নিয়ে, গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই পর্যন্ত এ সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ২৭২ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।