বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (পিইউবি) ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘কভিড-১৯: ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে শুরু হয়ে রাতে শেষ হয় ওয়েবিনারটি।

এ সময় অনলাইন প্লাটফর্ম জুমে যুুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হক। তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর কভিডজনিত কারণে ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি, আমাদের শ্রমিকদের কর্মদক্ষতা, উদ্যোক্তাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের কারণে আমরা কভিডজনিত অচলাবস্থা কাটিয়ে এরই মধ্যেই ঘুরে দাঁড়িয়েছি। রফতানি ক্রমে বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো বলেন, আমরা একটি অদ্ভুত অবস্থার মধ্যে যাচ্ছি। বাঁচব কি বাঁচব না সেটা কেউ জানি না। আপনারা সবাই সাবধানে থাকবেন ও স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

ওয়েবিনারে দেশ-বিদেশের বিভিন্ন সেক্টরের পাঁচ শতাধিক স্কলার অংশগ্রহণ করেন। ওয়েবিনারে সভাপতিত্ব করেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পিইউবির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ ন ম রেজাউল করিম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ শিক্ষক, জুরি টু চেয়ারম্যান বিওটি প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ও টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিওটির ভাইস চেয়ারম্যান, সাবেক সচিব মুহ. ফজলুর রহমান প্রমুখ।