বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর দেহ তল্লাশি করে প্রায় এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে অভিযান চালানো হয়। এসময় ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে। তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, অর্থাৎ প্রায় ১ দশমিক শূন্য ৫ কেজি। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে এনবিআর।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ বিমানের কর্মী ওবায়দুর রহমানকেও আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এক যাত্রীকে আটক করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণসহ জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের অধীনে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।










