প্রতিবন্ধীসেবা ও সহায়তা কার্যক্রম উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। তিনি বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতের অংশ হিসেবে দেখতে হবে। সরকার তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়িয়েছে।
আজ শনিবার দুপুরে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র, স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজমসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, এসব কার্যক্রম উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে প্রতিবন্ধী ব্যক্তিরা আরো উপকৃত হবেন। প্রতিবন্ধীরাও সমাজের অংশ। তাদের ভিন্ন দৃষ্টিতে না দেখে সমাজের মূল স্রোতের অংশ হিসেবে দেখতে হবে।
পরিদর্শনের সময় তিনি জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন শাখা, ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি এবং প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র ঘুরে দেখেন এবং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার, উপপরিচালক খান মোতাহার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হোসেনুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে সমাজকল্যাণ সচিব খুলনার খালিশপুরে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘বিএন আশার আলো স্কুল’ পরিদর্শন করেন।










