সরবরাহ বাড়ায় মাত্র দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা
মরিচের দাম কমেছে কেজিতে ২০টাকা করে। দুদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৬০টাকা
কেজি দরে বিক্রি হয়েছিল। বর্তমানে তা কমে ৪০ টাকা দরে বিক্রি
হচ্ছে। কাঁচা মরিচের দাম কমায় খুশি নিন্ম আয়ের মানুষজন। পণ্যটি ক্রয়ের পরিমাণও বাড়িয়েছেন তারা।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা খালেদ হোসেন বলেন, বাজারে সব পণ্যের দাম যখন উর্দ্ধমুখী তখন কাঁচা মরিচের দাম কমায় খানিকটা স্বস্তি ফিরেছে। দুদিন আগেও যে কাঁচা মরিচ ৬০টাকা কেজি কিনেছি আজ সেই কাঁচা মরিচ এখন পাওয়া যাচ্ছে ৪০টাকায়। দাম কমার কারণে চাহিদামত কিনতে পারছি। দাম যদি এমন থাকে তাহলে সামনে রমজানে আমাদের জন্য ভালো হবে।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, কয়েকদিন আগে নওগাঁসহ
কয়েকটি অঞ্চলের কাঁচা মরিচের মৌসুম শেষ হয়ে যাওয়ায় বাজারে
কাঁচা মরিচের সরবরাহ কমে গেলে দাম উর্দ্ধমুখী হতে থাকে। সেই সঙ্গে আবহাওয়ার বিরূপ প্রভাব দামের ওপর প্রভাব ফেলে।তবে সম্প্রতি
আবারো নীলফামারীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচা মরিচ উঠতে শুরু করায় বাজারে কাঁচা
মরিচের সরবরাহ বেড়েছে। ফলে কাঁচা মরিচের দাম কেজিতে ২০ টাকা
করে কমেছে। সরবরাহ এমন থাকলে দাম বাড়বেনা বলেও জানান তিনি।










