বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা খালের ওপরে নির্মিত সেতুটি ভেঙে পড়েছে।
সোমবার গভীর রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন ও রায়েন্দা ইউনিয়নের সংযোগ সেতুটি ভেঙে খালে পড়ে যায়।
ফলে দুই ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এতে খোন্তাকাটা ও রায়েন্দা ইউনিয়নের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে।
এলাকাবাসী জানায়, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল।
তার পরও আমরা ঝুঁকি নিয়ে যাতায়াত করতাম।
সকালে এসে দেখি এটি ভেঙে খালে পড়ে আছে।
গত বছর সেতুটি একদিকে হেলে পড়েছিল।
সে সময় সংস্কার করে সাময়িক চলাচলের ব্যবস্থা করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
স্থানীয় মোশাররফ হোসেন মনি, ফারুক হাওলাদারসহ কয়েকজন জানান, সেতুটি সাত-আট বছর ধরে চলাচলের অনুপযোগী ছিল।
গত বছর একবার হেলেও পড়ে।
অনেকবার বলা সত্ত্বেও সেতুটি সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীনতা দেখিয়েছে।
রায়েন্দা ইউপি চেয়ারম্যান আছাদুজ্জামান মিলন বলেন, খোন্তাকাটা ও রায়েন্দা ইউনিয়নবাসীর যাতায়াতের জন্য সেতুটি খুবই গুরুত্বপূর্ণ।
সেতুটি রাতে হঠাৎ ভেঙে পড়েছে, ফলে যানবাহনসহ সব ধরনের চলাচল বন্ধ হয়ে গেছে।
আমরা এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, যেন দ্রুত সেতুটি মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়।
বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, কয়েক বছর আগে সেতুটি পরিত্যক্ত ঘোষণা করে মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছিল।
সেতুটি অপসারণ করে নিলামে দেয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য বিকল্প লোহার সেতু করা হয়েছিল।
এছাড়া এখানে নতুন সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে বলেও জানান এ কর্মকর্তা।










