রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় এজাহারনামীয় আরো দুই আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- সজীব ব্যাপারী (২৭) ও মো. রাজিব ব্যাপারী (২৫)।
শনিবার (১২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে নেত্রকোনা জেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে নেত্রকোনা জেলা থেকে ডিবি উত্তরা বিভাগের একটি টিম তাদের গ্রেফতার করে।
গত ৯ জুলাই বিকাল আনুমানিক ৬টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে। উক্ত ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে পুলিশ ও র্যাব কর্তৃক পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। এই দুজনের গ্রেফতারের মাধ্যমে উক্ত ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।
ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।










