করোনা এবং ভাইরাসটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।

এদের মধ্যে করোনার সংক্রমণে পাঁচজন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে বাকিদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। 

হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জনের বাড়ি রাজশাহী এবং ৬ জনের বাড়ি পাবনা জেলায়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ‍তিনজন, নাটোরের দুজন ও নওগাঁর দুজন মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

হাসপাতাল সূত্র জানায়, ৪৫৪ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৫০৭ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ২৫৭ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০৩ জন। 

প্রসঙ্গত, গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুন পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ১৬১ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৫ হাজার ৯২৭ জন। 

এই ১৪ মাসে মারা গেছেন ১ হাজার ৭৮ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। অন্যরা ভাইরাসটির উপসর্গ নিয়ে কিংবা অন্যান্য শারীরিক জটিলতায় মৃত্যুবরণ করেছেন।