যশোরের বিশিষ্টজনদের সঙ্গে বণিক বার্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি খুলনা বিভাগের প্রতিনিধিদের নিয়ে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে যশোরের আরবপুরের মৎস্য ভবনে এ সভা হয়।
বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর অফিসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ পারভেজ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবিব, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মনোতোষ বসু, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক আহসান কবীর, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান, বর্তমান সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।
বণিক বার্তার ডেপুটি সিটি এডিটর সাহনোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বণিক বার্তার জ্যেষ্ঠ প্রতিবেদক ইমামূল হাছান আদনান, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিলিং অ্যান্ড কালেকশন) মো. আমিনুল ইসলাম এবং যশোর জেলা প্রতিনিধি আবদুল কাদের।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা বণিক বার্তার কাছে আরো তথ্যনির্ভর গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ, গঠনমূলক মতামত ও সংবাদ প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী হিসেবে যশোরকে আরো ব্র্যান্ডিং করার অনুরোধ জানান তারা।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করছে। সামনে আমাদের উন্নত দেশ হতে হলে শিক্ষক, গবেষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বণিক বার্তা তার তথ্য উপস্থাপনা ও অনুসন্ধানী প্রতিবেদন ও বিশ্লেষণী মতামত প্রকাশের মাধ্যমে একটি ভিন্নধর্মী ও মানসম্মত পত্রিকা হিসেবে দেশে অবস্থান করে নিয়েছে। আমরা চাই, সামনে সরকারের উন্নয়নের সারথি হোক বণিক বার্তা। একই সঙ্গে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমাধানের পথ দেখাবে বণিক বার্তা, এমন প্রত্যাশা করেন তিনি।
সভায় বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, চলতি বছরের জুনে ১০ বছর অতিক্রম করবে বণিক বার্তা। আমাদের চলার পথে সঙ্গী হয়েছেন জেলা শহরের সব শ্রেণী-পেশার মানুষ ও বিশিষ্টজনরা। আগামীতে বণিক বার্তা প্রতিটি জেলার সংবাদ আরো গুরুত্বসহকারে উপস্থাপন করবে।
পরে খুলনা বিভাগের বণিক বার্তা প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে খুলনা বিভাগে বণিক বার্তার কর্মরত ১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রতিটি জেলার সম্ভাবনা ও প্রতিবন্ধতা নিয়ে সামনের দিনে আরো গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরির বিষয়ে আলোচনা করা হয়।










