চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল নিউজিল্যান্ড। হায়দরাবাদে গতকাল নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারায় কিউইরা। আগে ব্যাট করে ৭ উইকেটে ৩২২ রান তোলে টম ল্যাথামের দল। জবাব দিতে নেমে ৪৬.৩ ওভারে ২২৩ রানে গুটিয়ে যায় ডাচরা। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় গতবারের ফাইনালিস্টরা। 

টানা দ্বিতীয় ম্যাচে খেলেননি নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামশন। তিনি চোট থেকে সেরে উঠছেন। 

মুখোমুখি লড়াইয়ে কখনই নিউজিল্যান্ডকে হারাতে পারেনি নেদারল্যান্ডস। এখন পর্যন্ত চার ম্যাচের লড়াইয়ে প্রতিবারই জিতেছে কিউইরা। এবারো পারল না ডাচরা। 

কাল টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড তিনশোর্ধ্ব সংগ্রহ পায় উইল ইয়াং (৭০), ল্যাথাম (৫৩), রাচিন রবীন্দ্র (৫১) ও ড্যারিল মিচেল (৪৮) ও মিচেল স্যান্টনারের (৩৬*) ব্যাটে ভর করে। ডাচদের হয়ে দুটি করে উইকেট নেন আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন ও ফন ডার মারউই। 

এরপর কলিন অ্যাকারম্যানের লড়াকু ইনিংসের পরও ২২৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। অ্যাকারম্যান ৭৩ বলে ৬৯ রান করেন। মিচেল স্যান্টনার ৫৯ রানে ৫টি ও ম্যাট হেনরি ৪০ রানে ৩টি উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা স্যান্টনার। 

কিউইরা মঙ্গলবার চেন্নাইতে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের।