নিজে অন্যায়ের কাছে মাথা নত করেননি। কেউ অন্যায় আবদার করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও মাথা নত করবে না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, একজনও যদি ন্যায্য কথা বলেন তাহলে আমরা গুরুত্ব দিয়ে এটা সমাধানের ব্যবস্থা করবো। অন্যায়ের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতেও করবো না। আমরা ন্যায় ও সত্যের পথে থাকবো। সত্য ও ন্যায় আজ বিজয়ী হয়েছে। মিথ্যা আজ পরাভূত হয়েছে। দুঃস্বপ্ন কাটিয়ে একটি আলোকজ্বল দিন এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আরো বলেন, শিক্ষার্থীরা ভুল করতে পারে। কিন্তু শিক্ষকরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তোমরা আমাদের সন্তান, অভিভাবক হিসেবে আমরা কাজ করে যাবো। শিক্ষার্থীদের ভয় পাওয়ার কিছু নাই। শিক্ষকরা অভিভাবকের জায়গা থেকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের চিত্র তুলে ধরে উপাচার্য বলেন, এ বছরের মধ্যে ৫০০ শিক্ষার্থীকে হলে থাকার ব্যবস্থা করা হবে। আগামী দুই তিন বছরের মধ্যে শতভাগ ছাত্রী হলে থাকতে পারবে। কয়েক বছরের মধ্যেই শতভাগ ডিজিটাল ক্যাম্পাস করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে গতকাল রোববার রাতে জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আজ সোমবার থেকে খোলা হয়। আগামীকাল মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস নেয়ারও সিদ্ধান্ত হয়। এর আগে ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গত ১৬ জানুয়ারি পুলিশি হামলার পর শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের আন্দোলন শুরু করলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে উপাচার্য বাস ভবন থেকে কার্যক্রম চালিয়ে যান। সবশেষ গত শুক্রবার শিক্ষামন্ত্রীর আশ্বাসে শনিবার আন্দোলন প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় দিবসে উপাচার্য
অন্যায়ের কাছে মাথা নত করবে না শাবিপ্রবি
নিজে অন্যায়ের কাছে মাথা নত করেননি। কেউ অন্যায় আবদার করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও মাথা নত করবে না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।










