বাগেরহাটের মোল্লাহাটে সরকারি-বেসরকারি বিভিন্ন লাইব্রেরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে দুই লাখ বই বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বই ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর লাইব্রেরির জন্য বুকসেল্ফসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। গতকাল দুপুরে মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম। খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, ফকিরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এমডি ছয়রদ্দিন আহমেদ, মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোস্তাফিজুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএসের পরিচালক ডেভিড টমাস গোমেস, ব্যবস্থাপক তপন কুমার পাল প্রমুখ।