বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থার নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট খুলে কম সুদে ঋণের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছিল একটি আন্তর্জাতিক প্রতারক চক্র। এ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট।

গ্রেফতার ব্যক্তির নাম মো. সোহাগ হোসেন (৩৫)। তাকে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার সোনাপুর ইউনিয়নের রাজাবিয়া হাট এলাকার একটি আবাসিক ভবন থেকে গত ২৮ নভেম্বর ভোরে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, বিকাশ-নগদসহ একাধিক এজেন্ট অ্যাকাউন্ট এবং মোট ৯টি মোবাইল নম্বর ও ব্যক্তিগত তথ্য জব্দ করা হয়েছে।

সিআইডি জানায়, প্রতারক চক্রটি প্রথমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিজেদের বিশ্বব্যাংকের ঋণ প্রকল্পের প্রতিনিধি পরিচয় দিত। তারা “লোন অফিসার, এমএসএস ইউনিট, কার্ড ডিভিশন, হেড অফিস, ঢাকা, ওয়ার্ল্ড ব্যাংক” পদে দায়িত্বরত পরিচয় দিয়ে ২ শতাংশ সুদে ১০ লাখ টাকা ঋণের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের ‘https://bdworldloanprojectcw.com’ নামের ভুয়া ব্যাংকিং ওয়েবসাইটে আবেদন করতে বাধ্য করত। এরপর আবেদন অনুমোদনের কথা বলে চার্জ, ভ্যাট, বীমা ও প্রক্রিয়াকরণ ফি’র নামে ধাপে ধাপে অর্থ নিত।

এভাবে শাহজাহানপুর থানার এক ভুক্তভোগীর কাছ থেকে বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৪৮ টাকা আত্মসাৎ করে চক্রটি। এ ঘটনায় মামলা করা হলে তদন্তভার নেয় সিপিসির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম।

তদন্তে জানা যায়, গ্রেফতার সোহাগ হোসেন আন্তর্জাতিক ‘বিনিয়োগ ও ঋণ প্রতারণা’ চক্রের গুরুত্বপূর্ণ সদস্য। বিদেশে থাকা মূল হোতার নির্দেশে তিনি দেশে চক্রটির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট ও সিমকার্ড পরিচালনা, সরবরাহ এবং অবৈধ আর্থিক লেনদেন সমন্বয় করতেন। প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ বিদেশে থাকা চক্রের সদস্যদের কাছে পাঠানোর কাজও করতেন।

সিআইডি জানিয়েছে, বিশ্বব্যাংক, আইএফএডি ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা এরই মধ্যে এ বিষয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। এ ধরনের প্রতারণা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। একই পদ্ধতিতে সারা দেশে বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন এবং বিভিন্ন ইউনিটে একাধিক মামলা রুজু হয়েছে।

গ্রেফতার প্রতারককে আদালতে সোপর্দ করে আন্তঃদেশীয় চক্রের অন্য সদস্য, ব্যবহৃত ব্যাংক ও এমএফএস হিসাব, জাল ওয়েবসাইট, টাকা লেনদেনের পথ এবং ভুক্তভোগীদের পরিচয় শনাক্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সাইবার পুলিশ সেন্টার জানিয়েছে, কোনো সরকারি প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক সংস্থা কখনোই ফেসবুক, অচেনা নম্বর বা সন্দেহজনক ওয়েবসাইটের মাধ্যমে ঋণ দেয় না। কোনো ব্যক্তি বা সংস্থা যদি ফি, ভ্যাট, ট্যাক্স বা যাচাইয়ের নামে টাকা চায়, তবে সেটি নিঃসন্দেহে প্রতারণা।

সন্দেহজনক অনলাইন অফার দেখলে কিংবা প্রতারণার শিকার হলে দ্রুত সিআইডির সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ জানানোর আহ্বান জানান।