যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত আট কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল পাওয়ায় ছয়জনকে বরখাস্ত ও দুজনকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন-শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৯০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে সনদ যাচাইসংক্রান্ত তিনটি আলাদা কমিটি ৮২তম রিজেন্ট বোর্ডে তাদের প্রতিবেদন পেশ করে। পরবর্তী সময়ে রিজেন্ট বোর্ড ঘটনার সত্যতা পাওয়ায় জাল সনদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আব্দুর রশিদ।
তিনি আরো জানান, সভায় টেকনিক্যাল অফিসার মো. জাহিদ হাসান (স্নাতক, জাতীয় বিশ্ববিদ্যালয়), সেকশন অফিসার (গ্রেড-১) মো. জাহাঙ্গীর আলম, সেকশন অফিসার (গ্রেড-২) মো. সাকিব ইসলাম, সেকশন অফিসার (গ্রেড-২) হাসনা হেনা, সিনিয়র ক্লিনার দিলীপ হরিজন, ক্লিনার বাসুদেব দাসকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সেকশন অফিসার (গ্রেড-১) মো. মহিদুল ইসলাম, মেকানিক মো. জাকির হোসেনকে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।










